পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে লাহোরগামী একটি বাসে বন্দুক হামলায় সাত যাত্রী নিহত হয়েছেন। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের বরখান জেলায় হামলার ঘটনাটি ঘটে।
সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪০ জন সশস্ত্র বন্দুকধারীর একটি দল গত মঙ্গলবার রাতে লাহোরগামী একাধিক বাস ও যানবাহন থামিয়ে সাত যাত্রীকে জোর করে নামায়। তারপর তাদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান তারা। নিহতদের সবাই পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে, বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এর আগে দেশটির পেশোয়ারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হন। স্থানীয় সময় গত রোববার ভোরে শহরের বাদাবর এলাকায় এ ঘটনা ঘটে। ব্যক্তিগত শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সঙ্গে পাকিস্তানের কয়েক দশক ধরে চলমান লড়াইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী বৃহত্তর এ অঞ্চলের স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের অংশ দাবি করে আসছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

