চীনে টাইফুন ডলফিনের আঘাত, সরানো হলো ১০ লাখ মানুষ

চীনে টাইফুন ডলফিনের আঘাত, সরানো হলো ১০ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে টাইফুন ডলফিন। সাংহাইসহ বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় ঝড়টি উপকূলে আঘাত হানার পর অঞ্চলজুড়ে ব্যাপক পরিবহনব্যবস্থা ব্যাহত হয়।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার (৯৪ মাইল) বেগে ঝড়টি প্রথমে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝৌ শহরে এটি দ্বিতীয়বারের মতো স্থলভাগে আঘাত করে।

বিজ্ঞাপন

টাইফুনের কারণে পুরো অঞ্চলের পরিবহনব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ে। শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে চীনা কর্তৃপক্ষ টাইফুন ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল। তবে সোমবার সকালে ঝড়টির সতর্কতা নামিয়ে ‘ট্রপিক্যাল স্টর্ম’ বা ক্রান্তীয় ঝড়ে পরিণত করা হয়।

ঝড়টি বর্তমানে আরো ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। তবে বুধবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, ভয়াবহ বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি রেখেছে কর্তৃপক্ষ।

সোমবার শানদং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসনগুলো মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া সাংহাইয়ের ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশসহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। সাংহাইয়ের দ্য বান্ড এলাকার কয়েকটি দর্শনীয় স্থান ও পর্যবেক্ষণ প্ল্যাটফর্মও বন্ধ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন