ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, ইরান প্রতিবেশী দেশগুলোর জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সম্মান করে। তবে ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্যবস্তু করা হবে। খবর আলজাজিরা।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মন্তব্য করার পর এই বিবৃতি দেওয়া হয়। তিনি বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হলে তাদের ওপর কোনো আক্রমণ চালানো হবে না।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়,
ইরানের সশস্ত্র বাহিনী আবারো ঘোষণা করছে যে তারা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে এবং এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়নি।
তবে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি আগের মতো শত্রুতামূলক কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলজুড়ে স্থল, সমুদ্র ও আকাশপথে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর “শক্তিশালী ও বিধ্বংসী আঘাতের প্রধান লক্ষ্যবস্তু” হয়ে উঠবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

