সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, দেশটিকে নিশানা করে শনিবার অন্তত ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২১টি ড্রোন হামলা হয়েছে। খবর আলজাজিরার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ছাড়া বাকি সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে; একটি সমুদ্রে পড়েছে। অন্তত ১১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ২টি ড্রোন আমিরাতের ভেতরে বিধ্বস্ত হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে মোট ২২১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০৫টি ধ্বংস করা হয়েছে, ১৪টি সমুদ্রে পড়েছে, দুটি আমিরাতের ভেতরে পড়েছে।
এ সময়ে ১,৩০৫টি ইরানি ড্রোন শনাক্ত হয়েছে জানিয়ে আমিরাত বলছে, ১,২২৯টি প্রতিহত করা হয়েছে, ৭৬টি আমিরাতের ভেতরে পড়েছে। এছাড়া ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়ে ধ্বংস করা হয়েছে।
এসব হামলায় তিনজন নিহত হয়েছেন, যারা বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ১১২ জন সামান্য আহত হয়েছেন। আহতদের মধ্যে আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন, আফগানিস্তান, বাহরাইন, কোমোরোস ও তুরস্কের নাগরিক রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

