মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা ‘পল্লীসেবা পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বা কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন। তবে এ ঘটনায় প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না; তবে দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

