ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের পরমাণু কর্মসূচির তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে পুনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মসূচিটির স্থাপনা, সরঞ্জাম, সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিশেষ করে পরমাণুবিজ্ঞানীদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, মার্কিন হামলায় ইরানের পরমাণু সক্ষমতা কার্যত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের পরমাণু অবকাঠামো, সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম এবং কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করাই এর লক্ষ্য। এছাড়া এসব স্থাপনা, সরঞ্জাম কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান ও স্থানান্তর সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় ইরানের পরমাণু কর্মসূচি, এর স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তথ্যের জন্য সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার এবং প্রয়োজনে নিরাপদ স্থানে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে পরমাণু বিজ্ঞানীসহ বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্যদের বিষয়ে তথ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জাতীয় নিরাপত্তাবিষয়ক পুরস্কার কর্মসূচির অংশ হিসেবে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ চালু করা হয়। মার্কিন নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সহায়ক তথ্য সংগ্রহে আর্থিক পুরস্কার দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।

পুরস্কার ঘোষণার বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট উল্লেখ করেছে যে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা বিষয়ক বাধ্যবাধকতা মেনে চলতে ব্যর্থ হয়েছে। এর ফলে সংস্থাটি ইরানের পারমাণবিক উৎপাদন এবং সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণের মজুত সম্পর্কে প্রয়োজনীয় ধারাবাহিক তথ্য পায়নি।

বিজ্ঞপ্তিতে আইএইএর ২০২৫ সালের প্রতিবেদনও উদ্ধৃত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, পারমাণবিক অস্ত্রের অধিকারী নয়—এমন দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই এত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। আরও সমৃদ্ধ করা হলে ওই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

তবে সর্বোচ্চ দুই কোটি ডলারের পুরস্কার পেতে ঠিক কী ধরনের তথ্য দিতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন সরকার।

এদিকে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কার্যত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে বারবার দাবি করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমরা যদি ইরানে হামলা না চালাতাম, তাহলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না। তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত। তারা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিত।’

আট মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, সংঘাতের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান এখন অত্যন্ত আগ্রহী।

সূত্র: জিও নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন