ডিজেল রপ্তানি বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের, ইউরোপকে মজুত ছাড়ার আহ্বান

ডিজেল রপ্তানি বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের, ইউরোপকে মজুত ছাড়ার আহ্বান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় বাজারে জ্বালানির দাম কমাতে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছেন। এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোকে তাদের কৌশলগত ডিজেল মজুতের একটি অংশ বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইউরোপকে দ্রুত অতিরিক্ত ডিজেল সরবরাহের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৫ লাখ ব্যারেল ডিজেল রপ্তানি করে। ফলে রপ্তানি বন্ধ হলে বিশ্ববাজারে সরবরাহ কমে গিয়ে দাম আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় বৃহস্পতিবার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাজ্য। দেশটির জ্বালানিমন্ত্রী ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ সরকার জানিয়েছে, দেশটিতে এখনো কিছু কৌশলগত জ্বালানি মজুত রয়েছে এবং তাৎক্ষণিক ডিজেল সংকটের আশঙ্কা নেই। তবে দাম আরো বাড়তে পারে।

যুক্তরাজ্যে ডিজেলের দাম ইতোমধ্যে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। মোটরিং সংস্থা আরএসির হিসাবে প্রতি লিটারের গড় দাম ১৯৯ দশমিক ৭৯ পেন্সে উঠেছে, যা আগের ১৪২ দশমিক ৩৮ পেন্সের তুলনায় উল্লেখযোগ্য বেশি।

বিশেষজ্ঞদের মতে, ডিজেল উৎপাদন তুলনামূলক কঠিন এবং এটি পরিবহন ও কৃষি খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় চাহিদা দ্রুত কমানো সম্ভব নয়। যুক্তরাজ্যও ডিজেল আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

এদিকে চীনও অভ্যন্তরীণ চাহিদাকে অগ্রাধিকার দিয়ে অক্টোবরে কিছু জ্বালানি পণ্যের রপ্তানি কমানোর বা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার ডিজেল রপ্তানি সীমিত হওয়ায় বৈশ্বিক বাজারে সরবরাহের ওপর চাপ আরো বাড়ছে।

ফলে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন