নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান
ইরানের পরমাণু কর্মসূচি। ছবি: আলজাজিরা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান। দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি গত রোববার এ তথ্য জানিয়েছেন।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসলামি বলেন, ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতায় নির্মিত ইরানের প্রথম টোকামাক চুল্লিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু করতে আমরা আশাবাদী।’

বিজ্ঞাপন

তিনি জানান, এই ব্যবস্থা তৈরিতে ইরানি বিজ্ঞানীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তার মতে, এ প্রকল্প প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতার প্রমাণ।

প্রস্তাবিত চুল্লিতে ব্যবহার করা হবে টোকামাক প্রযুক্তি। এটি একধরনের চৌম্বকীয় আবদ্ধকরণ পদ্ধতি, যার মাধ্যমে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে নিয়ন্ত্রণে রেখে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস এই ফিউশন প্রক্রিয়া।

প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপাদন করা হয়, যা ফিশন নামে পরিচিত। অন্যদিকে ফিউশন প্রক্রিয়ায় হালকা পরমাণুর নিউক্লিয়াস একীভূত করে শক্তি উৎপাদনের চেষ্টা করা হয়।

বিজ্ঞানীদের মতে, ফিউশন প্রযুক্তি ভবিষ্যতে বিপুল পরিমাণ পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী ফিউশন প্রযুক্তি উদ্ভাবন এখনো বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ। বিশ্বে এখনো এটি ব্যাপকভাবে প্রতিষ্ঠিত বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় পরিণত হয়নি।

তবে প্রস্তাবিত চুল্লিটির উৎপাদনক্ষমতা, নির্মাণস্থল, ব্যয় কিংবা চালুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এসলামি।

এদিকে, পারমাণবিক ফিউশন প্রযুক্তি ইরানের বিদ্যমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। টোকামাক চুল্লি নির্মাণের উদ্যোগকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের অগ্রগতি হিসেবে বিবেচনা করারও সুযোগ নেই। এটি মূলত বিজ্ঞান, জ্বালানি ও প্রযুক্তি গবেষণার একটি স্বতন্ত্র ক্ষেত্র।

সূত্র: গালফ নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...