বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়ে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ ব্যবহারকারী সেবা পেতে সমস্যার কথা জানান। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
ইউটিউব কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানায়, তারা সমস্যার বিষয়ে অবগত এবং সংশ্লিষ্ট দল এটি সমাধানে কাজ করছে।
প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন সেবায় ভিডিও প্রদর্শিত হচ্ছিল না। এর মধ্যে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস সাময়িকভাবে অকার্যকর হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, হোমপেজ পুনরায় চালু হয়েছে; তবে সম্পূর্ণ সমাধানের জন্য কাজ চলমান রয়েছে।
সমস্যা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, ব্যবহারকারীদের কাছ থেকে তিন লাখেরও বেশি অভিযোগ পাওয়া গেছে। গ্রিনিচ মান সময় রাত প্রায় ১টার দিকে পরিস্থিতির উন্নতি শুরু হয়।
গুগল-এর মালিকানাধীন ইউটিউব বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রতি মাসে প্রায় আড়াই বিলিয়নের বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে এ সেবা ব্যবহার করেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

