ইরান ও ইসরাইলের মধ্যে সংকট নিরসনের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সবাই যদি বৈঠকে যোগ দেয়, তবে এটি হবে ইসরাইলের ইরানে হামলার এক সপ্তাহ পর তেহরান ও পশ্চিমা সরকারগুলোর মধ্যে প্রথম সরাসরি মুখোমুখি আলোচনা।
এই বৈঠকটি হলে সেটি হবে চলমান সংকটের মধ্যে ইউরোপীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের একটি।
প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে তার সামরিক হস্তক্ষেপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ দুই সপ্তাহ পিছিয়ে দিয়েছেন, যা এই জেনেভার আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজাকে সুযোগ দিতে চান।
এই সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন একটি পারমাণবিক চুক্তির জন্য নিজস্ব দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছিল।
এক্ষেত্রে তিনি ইউরোপকে পাশে সরিয়ে রেখেছিলেন, যে ইউরোপ ২০১৫ সালের পরমাণু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যে চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে বেরিয়ে এসেছিলেন।
ইউরোপীয় মন্ত্রীরা ইরানকে আলোচনায় ফিরতে অনুরোধ করবেন বলে আশা করা হচ্ছে। ইরান জানিয়েছে যে, তারাও আলোচনায় ফিরতে চায়, কিন্তু হামলার মধ্যে দিয়ে নয়।
এদিকে আপাতত ইসরাইল-ইরান কেউই পিছিয়ে আসছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



