কাতারে হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। ফোনালাপে কাতারে ইসরাইলের হামলার বিষয়ে নেতানিয়াহুর প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। ওয়ালস্ট্রিট জার্নালের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
মার্কিন প্রশাসনের জেষ্ঠ্য কর্মকর্তারা জানিয়েছেন, ফোনালাপে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলার সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত ছিল বলে উল্লেখ করেন ট্রাম্প।
তিনি আরো বলেন, ‘হামলার কথা শুনে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। কারণ হামলার কথা তিনি ইসরাইলের কাছ থেকে নয়, বরং মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে জানতে পারেন। এমন এক মিত্র দেশের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে, যারা গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে।’
জবাবে নেতানিয়াহু জানান, হামলা চালানোর জন্য তার কাছে খুব অল্প সময় ছিল এবং তিনি সুযোগটি কাজে লাগিয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনার পর দ্বিতীয়বারের মতো সৌহার্দ্যপূর্ণ একটি ফোনালাপ হয়। এই ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুর কাছে জানতে চান, আক্রমণ সফল হয়েছে কিনা? তবে এর জবাবে নেতানিয়াহু নিশ্চিতভাবে দিতে পারেননি।
যদিও ট্রাম্প ইসরাইলের একজন কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তারপরেও তিনি নেতানিয়াহুর প্রতি ক্রমশ হতাশ হয়ে পড়ছেন, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছাড়াই ক্রমাগত আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছেন; যা মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নিজস্ব লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



