ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প

ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান, কিন্তু কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটি জানে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’

ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারে না।

ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এই মুহূর্তে তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও নেই। বিশ্বের যেকোনো দেশের মধ্যে তাদের মূল্যস্ফীতি সবচেয়ে খারাপ। তাদের কোনো অর্থও নেই।’

এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাওয়ার পূর্বাভাস দেন ট্রাম্প। তিনি বলেন, ‘তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।’

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন