‘আমি বাংলায় গান গাই’র স্রষ্টা প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। গত দুই সপ্তাহ হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ শিল্পী।
শনিবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৭ সালে দেশভাগের সময় সপরিবারে ভারতে চলে যান। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অসংখ্য গানের মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ গানটি তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে শ্রোতামহলে।
তার উল্লেখযোগ্য গানের অ্যালবামের মধ্যে রয়েছে- ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে’,‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, ‘স্বপনপুরে’ , ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’,‘আঁধার নামে’ ইত্যাদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

