লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

সাম্প্রতিক সংঘর্ষে দক্ষিণ লেবাননে ১১ হাজারের বেশি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে বহু পরিবার এমন অবস্থায় পড়েছে, যাদের ফিরে যাওয়ার মতো কোনো ঘর আর অবশিষ্ট নেই।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক নিউইয়র্কে সাংবাদিকদের জানান, নতুন এক মূল্যায়নে দেখা গেছে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক লড়াইয়ের সময় ১১ হাজারের বেশি আবাসিক ভবন ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়েছে। এছাড়া আরও প্রায় ২ হাজার ২০০ ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

দুজারিক বলেন, ‘অনেক পরিবারের জন্য এর অর্থ হলো—ফিরে যাওয়ার মতো কোনো ঘরই আর নেই। চলমান অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বিস্ফোরিত না হওয়া অস্ত্রের ঝুঁকি নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে আছে।’

তবে এর মধ্যেও অনেক মানুষ দক্ষিণ লেবাননে ফিরে যাচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক রাতেই প্রায় ১৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। এর ফলে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা কমে বর্তমানে প্রায় ৯০ হাজারে দাঁড়িয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, নিরাপত্তা ঝুঁকি এবং প্রয়োজনীয় সেবা পুনরুদ্ধারের অভাবের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এখনো বড় চ্যালেঞ্জ।

সূত্র: আলজাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...