ট্রাম্পের চাপে গাজায় খাবার প্রবেশে অনুমোদন

ট্রাম্পের চাপে গাজায় খাবার প্রবেশে অনুমোদন

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ‘মৌলিক প্রয়োজনের পরিমাণ’ খাবার প্রবেশের অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, মিত্রদের চাপে এ অনুমোদন দিয়েছে ইসরাইল। গাজায় যাতে করে খাদ্য সংকট না হয় সে লক্ষ্যে উপত্যকার বাসিন্দাদের জন্য ‘মৌলিক প্রয়োজনের পরিমাণ’ খাবার প্রবেশ করতে দিচ্ছে ইসরাইল। এর মাধ্যমে গাজায় ১০ সপ্তাহের সর্বাত্মক অবরোধের আংশিক সমাপ্তি হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার ইসরাইলি মন্ত্রিসভার এক বৈঠকে গাজায় ত্রাণ প্রবেশের বিষয়ে অনুমোদন দেওয়া হয়। গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর স্থল অভিযান শুরুর ঘোষণার পরপরই এ অনুমোদন দেওয়া হয়। তবে মন্ত্রিসভার উগ্র রক্ষণশীলরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে। জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, নেতানিয়াহুর গাজায় খাবার সরবরাহের এ সিদ্ধান্ত ‘মারাত্মক ভুল’।

তিনি বলেন, ‘গাজায় কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করলে তা হামাসেরই লাভ হবে। অন্যদিকে জিম্মিরা টানেলের মধ্যে ভুক্তভোগী থাকবে। ত্রাণ দেওয়ার মাধ্যমে নেতানিয়াহু মারাত্মক ভুল করছেন এবং এ সিদ্ধান্তের জন্য তার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই। হামাসকে নিশ্চিহ্ন করতে হবে, বাঁচার জন্য উপকরণ দেওয়া যাবে না।’

সোমবার এক ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেন, গাজায় দুর্ভিক্ষের চিত্রে মিত্রদের উদ্বেগ প্রকাশের জেরে ভূখণ্ডে খাবার প্রবেশের অনুমোদন দিয়েছেন তিনি। মিত্ররা তাকে জানিয়েছেন, তারা সব ক্ষেত্রেই ইসরাইলকে সহায়তা করতে পারলেও গাজায় ক্ষুধা ও দুর্ভিক্ষের বিষয়টি সমাধানে কোনো ধরনের সাহায্য করতে পারবে না।

তিনি বলেন, ‘তাই বিজয় অর্জন করতে আমাদের কোনো না কোনোভাবে এ সমস্যার সমাধান করা উচিত।’

মিত্রদের চাপের বিষয়ে কথা বললেও নির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি নেতানিয়াহু। এর আগে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় অনেক লোক ক্ষুধায় কষ্ট করছে। এ বিষয়ে আমেরিকা ব্যবস্থা নিচ্ছে।

গাজায় খাবার প্রবেশের অনুমোদন দিলেও কবে তা কার্যকর হবে এ বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

এদিকে গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল থেমে নেই। সোমবার ভোর থেকে স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত হামলায় অন্তত ৩৩ জন নিহতের তথ্য জানায় আলজাজিরা। এর আগে রোববার দিনভর হামলায় ১৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারা বিশ্বেই বিক্ষোভ চলে আসছে। এর অংশ হিসেবে রোববার নেদারল্যান্ডসের হেগে বিপুল বিক্ষোভকারী এক পদযাত্রায় অংশ নেন। কর্মসূচির আয়োজক অক্সফাম নোভিব জানায়, অন্তত এক লাখ বিক্ষোভকারী এ পদযাত্রায় অংশ নিয়েছেন।

পদযাত্রা থেকে বিক্ষোভকারীরা গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে ডাচ সরকারকে আরো জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান। অংশগ্রহণকারীদের বেশির ভাগ লাল পোশাক পরে পদযাত্রায় আসেন। এর মাধ্যমে গাজায় ইসরাইলের সর্বাত্মক অবরোধের প্রতি তাদের বিরোধিতা প্রকাশ করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন