২০২৫ সালে ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে মার্কিন বাহিনীর হামলায় ১৫৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৪৩ জন। পেন্টাগনের এক পর্যালোচনায় এ তথ্য বলা হয়েছে।
পর্যালোচনায় বলা হয়, ২০২৫ সালের এপ্রিল মাসে তিনটি হামলায় হতাহতের এসব ঘটনা ঘটে। হামলাগুলো ইয়েমেনের রাজধানী সানা ও হুথি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে চালানো হয়।
এর মধ্যে রাস ইসা বন্দরে হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত ও ১৭১ জন আহত হন। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, হামলার লক্ষ্য ছিল হুথিদের জ্বালানি সরবরাহ ও রাজস্বের উৎস বন্ধ করা।
তবে পেন্টাগনের পর্যালোচনায় গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ও অন্যান্য ছবি এবং উন্মুক্ত সূত্রের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, ওই তিন হামলায় ‘সম্ভবত বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন’।
পেন্টাগন নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ বা সমবেদনা অর্থ দেওয়ার প্রয়োজন নেই বলেও সিদ্ধান্ত নিয়েছে। তবে এর কারণ প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়নি।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ২০২৪ সালে মার্কিন সামরিক অভিযানে মাত্র ২ জন বেসামরিক নিহত ও ২ জন আহত হওয়ার কথা পেন্টাগন জানিয়েছিল।
এদিকে, বেসামরিক হতাহতের অভিযোগে আরো ১৫টি ঘটনা এখনো মার্কিন সেন্ট্রাল কমান্ড পর্যালোচনা করছে। ফলে ইয়েমেনে মার্কিন হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
পেন্টাগনের এই তথ্য প্রকাশের সময় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বেসামরিক প্রাণহানি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

