কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার বর্তমানে রাজধানী দোহায় অবস্থান করছেন। তবে তাদের সঙ্গে ইরানের কোনো কর্মকর্তার সরাসরি বৈঠক হবে না।
সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মার্কিন প্রতিনিধিদ্বয় মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন এবং চলমান আলোচনা ও কূটনৈতিক অগ্রগতি পর্যালোচনা করবেন। তবে ইরানের প্রতিনিধিদের সঙ্গে কোনো প্রত্যক্ষ বৈঠকের সূচি নেই।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের অনুরোধে মঙ্গলবার দোহায় দুই দেশের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু ইরান শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে। কাতারের এই বক্তব্যও সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এদিকে কাতার আরও জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জব্দ থাকা ইরানের ৬০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের স্থগিত সম্পদ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তবে সরাসরি বৈঠক না হওয়ায় ভবিষ্যৎ আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


