নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত

নাইজারে সশস্ত্র হামলায় ন্যাশনাল গার্ডের ১৩ সদস্য নিহত
গাড়িতে তল্লাশি। ছবি: আলজাজিরা

নাইজারের পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি সামরিক স্থাপনায় সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ভোরে ‘বিপুলসংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারী’ এ আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে ১৩ জন বলে ধারণা করা হচ্ছে। এ সময় সেনাসদস্যরা পাল্টা হামলা চালিয়ে বেশ কয়েকজন আক্রমণকারীকে হত্যা করেন এবং তাদের রসদ ও সরঞ্জাম ধ্বংস করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে নাইজারের সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি ৪টা) এ হামলার ঘটনা ঘটে।

সানাম শহরটি দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এ এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

তবে সর্বশেষ হামলার পেছনে কোন গোষ্ঠী জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে বোকো হারামের হামলায় ১১ সেনাসদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...