রিয়াদে ড্রোন হামলা, প্রতিহত করার দাবি সৌদি জোটের

রিয়াদে ড্রোন হামলা, প্রতিহত করার দাবি সৌদি জোটের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে ড্রোনটি প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। রোববার ভোরে জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোনটির উৎস সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন

এর আগে শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট। ক্ষেপণাস্ত্র দুটি সৌদি আরবের তাইফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল বলে জানায় জোটটি।

অন্যদিকে, হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

ইয়েমেনে সৌদি বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে বলে জানায় হুথিরা।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন