জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভে শিক্ষার্থী ও কৃষকদের সঙ্গে যোগ দিয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা। শনিবারের এসব বিক্ষোভে দেশজুড়ে ১ লাখ ৭০ হাজার পর্যন্ত মানুষ অংশ নিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের আন্দোলনে হাই স্কুলের ছাত্র এবং কৃষকদের পাশাপাশি ইয়েলো ভেস্টের সাবেক সদস্য, জলবায়ু আন্দোলনের কর্মী, শ্রমিক ইউনিয়নের সদস্য অংশ নিয়েছেন।
২০১৮ সালে জ্বালানির ওপর কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলনের সূচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার দেশজুড়ে প্রায় ৫০০টি কর্মসূচি ও ৯০টির বেশি বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
লিলে শহরে প্রায় ২০ জন বিক্ষোভকারী হো-দ্য-ফ্রঁস আঞ্চলিক পরিষদের বাইরে জড়ো হন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, তাদের সংগ্রাম অব্যাহত রয়েছে।
রাজধানী প্যারিসে ৩০ হাজার থেকে ৬০ হাজার বিক্ষোভকারী সমবেত হতে পারেন বলে ধারণা করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টায় প্লাস দ্য লা রিপাবলিক থেকে মিছিল শুরু হয়ে প্লাস দ্য ক্লিশিতে যাওয়ার কথা ছিল।
গত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ও পড়াশোনার পরিবেশ উন্নত করার দাবিতে বিক্ষোভ করে আসছেন। আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা রয়েছে।
বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিওঁ শহরে প্রায় ১০০ বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। রেন শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করতে জ্বলন্ত ব্যারিকেড তৈরি করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মার্সেই শহরে বুলভার দ্যু প্রাদো সড়কে কিছু সময়ের জন্য ময়লার পাত্র ও স্কুটার রেখে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে দাঙ্গা পুলিশ সড়কটি চলাচলের উপযোগী করে।
প্যারিস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত মহানগর এলাকায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বেশির ভাগের বিরুদ্ধে নিষিদ্ধ সুরক্ষাসামগ্রী বা অস্ত্র বহনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া প্রায় ১০০ জনের একটি দল প্যারিসে সম্প্রচারমাধ্যম সি-নিউজের সদর দপ্তরে গিয়ে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। তারা পার্কিং এলাকায় প্রবেশের পথ আটকে দেয়, বিভিন্ন বস্তু ছুড়ে মারে এবং জানালা ভাঙচুর করে। এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


