পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের ওই বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য ডনের।
বাজাউর জেলা পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বলেছেন, বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে করা হয়েছিল। আগে থেকে প্রস্তুতি নিয়ে হামলা হয় বলে জানান তিনি।
এরআগে ওইদিনই, সন্ত্রাসীরা জেলার লোই মামুন্ড তহসিলের লাঘারি এলাকায় একটি কোয়াডকপ্টারের মাধ্যমে একটি থানায় আক্রমণ করলে একজন পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হন। হামলায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং বেসামরিক নাগরিক নাজিব খান আহত হন।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা একটি কোয়াডকপ্টারের মাধ্যমে থানায় আরেকটি আক্রমণ চালায় কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়।
কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অপারেশন সারবাকাফের শুরু করে নিরাপত্তা বাহিনী। এরই ধারাবাহিকতায় পাল্টা প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



