সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে একটি কার্গো জাহাজ জিম্মি করেছে জলদস্যুরা। জাহাজটিতে থাকা ১০ নাবিকের মধ্যে অন্তত ৬ জন ভারতীয়। ক্যামেরুনের পতাকাবাহী ‘লুতুফ’ নামের জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে ছিনতাই করা হয়।
সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারত ও তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়। সংবেদনশীল তথ্যের কারণে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
জাহাজটিতে ৬ জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি ও একজন জর্জিয়ান নাগরিক ছিলেন। এ ছাড়া দুইজন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন।
ওই কর্মকর্তা দাবি করেন, আটজন জলদস্যু জাহাজটি দখল করে। পরে তারা জাহাজটি পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়।
কর্মকর্তার ধারণা, জলদস্যুরা এর আগে গত ২৬ এপ্রিল ‘সোয়ার্ড’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল।
জাহাজে ছিল অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম
সোমালিয়ার ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘লুতুফ’ জাহাজে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র ছিল। এর পাশাপাশি যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জামও ছিল।
জাহাজটির মালিক ‘পোলার মুভমেন্ট শিপিং’ নামের একটি প্রতিষ্ঠান।
জাহাজটি ছিনতাইয়ের পর নাবিকদের কী অবস্থায় রাখা হয়েছে বা তাঁদের বিষয়ে জলদস্যুরা কোনো দাবি জানিয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ভারত ও তুরস্কের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

