দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা’ উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। একে তার দেশ এবং প্রতিরক্ষা শিল্পের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত হিসাবে বর্ণনা করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।
আঙ্কারায় প্রতিরক্ষা সংস্থা আসেলসানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ‘যে দেশ নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারবে না, তারা বর্তমান চ্যালেঞ্জের মুখে আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকাতে পারবে না।’
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আজ আমরা আমাদের বীর সেনাবাহিনীকে ৪৭টি যানবাহন সমন্বিত স্কাই ডোম সিস্টেম দিচ্ছি, যার মোট মূল্য ৪৬০ মিলিয়ন ডলার। এটি বন্ধুদের আত্মবিশ্বাস দেবে, আর শত্রুদের মনে ভীতি জাগাবে।’
তিনি জোর দিয়ে বলেন, স্টিল ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে, তুরস্কের বিমান প্রতিরক্ষা আরো জোরদার হবে।
তিনটি মাঝারি পাল্লার এইচআইএসএআর প্রতিরক্ষা ব্যবস্থা এবং মোট ২১টি অতিরিক্ত যানবাহন যুক্ত হওয়ায় তুরস্কের মাঝারি পাল্লার প্রতিরোধ সক্ষমতা আরো শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।
এরদোয়ান আরো বলেন, তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তি মিত্রদের জন্য উন্মুক্ত করছে এবং একইসঙ্গে কূটনৈতিক কার্যকারিতাও বাড়াচ্ছে।
তিনি আরো বলেন, আসেলসান স্টিল ডোম–এর মেরুদণ্ড গড়ে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কমান্ড ও কন্ট্রোল সফটওয়্যার দিয়ে, যা মাঠের সব সিস্টেমকে সমন্বিতভাবে ও তাৎক্ষণিকভাবে পরিচালনা করবে।
এর ফলে শত শত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একক সিস্টেমের মতো কাজ করবে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



