যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানাল উত্তর কোরিয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে জাপান নিজেদের একটি ‘যুদ্ধবাজ রাষ্ট্রে’ পরিণত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেজোলিউট ড্রাগন’ নামের এই যৌথ মহড়ার মাধ্যমে জাপান মূলত বিদেশে সামরিক আগ্রাসন চালানোর সক্ষমতা যাচাই করছে।

পিয়ংইয়ং আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করে টোকিও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

উত্তর কোরিয়ার অভিযোগ, চলতি বছরের এপ্রিল ও মে মাসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় প্রথমবার অংশ নিয়ে জাপান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলার সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া চালায়।

এ ধরনের সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে জাপানকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে পিয়ংইয়ং।

উল্লেখ্য, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওকিনাওয়া ও কিউশু দ্বীপে গত ২০ জুন থেকে জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স এবং মার্কিন মেরিন কোরের অংশগ্রহণে ‘রেজোলিউট ড্রাগন’ যৌথ সামরিক মহড়া শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার মহড়াটি শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন