গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদি অবরোধ এবং ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে চীন ইসরাইলের প্রতি সামরিক অভিযান বন্ধ এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। দেশটি একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চীন দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকেই টেকসই শান্তির একমাত্র পথ মনে করে। ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে চীনের অবস্থান দীর্ঘদিনের।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, গাজার মানুষদের ত্রাণ সহায়তা পৌঁছাতে অবিলম্বে করিডোর খুলে দিতে হবে, সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে।
চীন ইতোমধ্যে জাতিসংঘে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিকার মানতে বলেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যেখানে পক্ষপাতদুষ্ট অবস্থানে রয়েছে বলে সমালোচিত, সেখানে চীনের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে তাদের কূটনৈতিক প্রভাব বিস্তারে নতুন মাত্রা যোগ করছে।
মানবাধিকার সংস্থাগুলোও গাজা সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। খাদ্য, পানি, চিকিৎসা ও জ্বালানির চরম সংকটে থাকা জনগণের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরো জোরালো হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

