গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় গত তিনদিনে প্রাণ গেল প্রায় ৬০০ ফিলিস্তিনির। শুক্রবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৮৫ জন নিহত এবং আরও ১৩৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এদিকে গত তিনদিনে গাজায় নিহত হয়েছেন প্রায় ৬০০ ফিলিস্তিনি। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরাইলের হামলায় ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা কর্তৃপক্ষ। ইসরাইলি বিমান হামলা ও স্থল হামলা তীব্রতর হওয়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহতে তাদের স্থল আক্রমণ চলছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে কেন্দ্রীয় এলাকায় অগ্রসর হচ্ছে।
অন্যদিকে ইসরাইলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ইসরাইলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এ হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরাইলি সৈন্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

