এআই শঙ্কায় দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ধস

এআই শঙ্কায় দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ধস
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত উত্থান কতটা টেকসই, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে। সোমবার লেনদেনের শুরুতেই দেশটির প্রধান শেয়ারসূচক কসপি সর্বোচ্চ ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। এআই খাতে বিপুল বিনিয়োগের সুফল নিয়ে অনিশ্চয়তা এবং প্রযুক্তি খাতের ওপর সম্ভাব্য কঠোর নিয়ন্ত্রণের আশঙ্কায় এ দরপতন হয়েছে।

বিজ্ঞাপন

শুধু দক্ষিণ কোরিয়া নয়, এশিয়ার অন্যান্য শেয়ারবাজারেও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার সকালে তাইওয়ান, চীন ও হংকংয়ের গুরুত্বপূর্ণ শেয়ারবাজারে লেনদেন শুরুর আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে ছিলেন।

এর আগে গত শুক্রবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারেও বড় দরপতন হয়। ওই দিন দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমে ৫ দশমিক ২ শতাংশ। জাপানের নিক্কেই ২২৫ সূচক কমে ৫ দশমিক ১ শতাংশ এবং তাইওয়ানের তাইএক্স সূচক কমে ৬ দশমিক ২ শতাংশ।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও একই চিত্র দেখা গেছে। গত শুক্রবার ওয়াল স্ট্রিটে দেশটির প্রধান শেয়ারসূচক এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ৩ দশমিক ৭ শতাংশ। সূচকটির টানা সপ্তম কার্যদিবসে পতন হয়েছে। অন্যদিকে প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর নির্ভরশীল নাসডাক কম্পোজিট সূচক কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। এর ফলে ২০২৬ সালে সূচকটির অর্জিত সব মুনাফা মুছে গেছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার অবকাঠামো গড়ে তুলতে কয়েক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তবে এই বিপুল বিনিয়োগ থেকে প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত আয় করতে পারবে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

এআই খাতের বর্তমান উত্থান গতি হারাতে পারে—এমন আশঙ্কাও বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতৃত্ব আসার সম্ভাবনা। নতুন কংগ্রেস এআই খাতের ওপর আরো কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা।

এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে কথিত গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারিও বাজারের উদ্বেগ বাড়িয়েছে। এসব কারণে এআই খাতের ভবিষ্যৎ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিপুল বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...