আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বাগবিতণ্ডার পর লন্ডনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার (১ মার্চ) তাকে উষ্ণ সংবর্ধনা জানান দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। এর আগে, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওভাল অফিসে এক উত্তেজনাপূর্ণ বৈঠকে ট্রাম্প ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন প্রত্যাহারের হুমকি দেন। ফলে বিরল খনিজ সম্পদ চুক্তি না করেই ফিরে আসেন জেলেনস্কি।
শনিবার জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন এবং সেখানে স্টারমার তাকে আলিঙ্গন করেন। এ সময় স্টারমার জেলেনস্কিকে বলেন, আপনি বাইরে রাস্তায় উল্লাস ধ্বনি শুনছেন, গোটা ব্রিটেনজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যতদিনই লাগুক আমরা আপনার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে রয়েছি।
এ সময় জেলেনস্কি ব্রিটেনবাসীর প্রতি ধন্যবাদ জানান। বলেন, ইউক্রেন ব্রিটেনবাসীর সমর্থনের ওপর নির্ভর করে।
এদিকে, ইউক্রেনকে সামরিক সহায়তা বাবদ দুই দশমিক ২৬ বিলিয়ন পাউন্ড বা (২.৮৪ বিলিয়ন ডলার) মূল্যের একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেলেনস্কি যখন স্টারমারের সঙ্গে দেখা করতে যান তখন ভার্চুয়ালি এই ঋণ চুক্তিতে সই করেন ব্রিটেনের অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং ইউক্রেনের অর্থমন্ত্রী সার্গেই মার্চেনকোর। এই চুক্তিতে বলা হয়, ব্রিটেনে রাশিয়ার জব্দকৃত সম্পদের আয় থেকে এই চুক্তির অর্থ পরিশোধ করা হবে। ব্রিটেনের এমন চুক্তিকে ‘প্রকৃত ন্যায়বিচার’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি।
রোববার (২ মার্চ) ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেন জেলেনস্কি, যেখানে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

