ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় তেহরান একটি সম্ভাব্য চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গিয়েছিল। তিনি বলেন, ইরান ‘সদিচ্ছা’ নিয়ে বৈঠকে বসেছিল, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ছাড় না দেওয়া, বারবার অবস্থান পরির্বতন এবং নানামুখী চাপের কারণেই আলোচনা ভেস্তে যায়।
সামাজিক মাধ্যমে আরাগচি বলেন, ‘৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনায় ইরান যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সদিচ্ছা নিয়ে যোগ দিয়েছিল। কিন্তু ‘ইসলামাবাদ সমঝোতা স্মারকে’ স্বাক্ষর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে থাকতেই আমরা বাধা মুখে পড়ি।’
এরপর তিনি লেখেন, ‘কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছার প্রতিদান সদিচ্ছা, আর শত্রুতা থেকে শত্রুতাই জন্ম নেয়।’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও আরাগচির অবস্থানের প্রতিধ্বনি করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ‘স্বৈরাচারী’ মনোভাব পরিহার করে এবং ইরানের অধিকারকে সম্মান করে, তাহলে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক অগ্রগতি এখনো সম্ভব।
সূত্র: এনডিটিভি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

