ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। বৃহস্পতিবার দুপুর ১২টার পর আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন তিনি।
রেখা গুপ্তা বিজেপির চতুর্থ দিল্লির মুখ্যমন্ত্রী এবং এই পদে অধিষ্ঠিত দ্বিতীয় নারী নেত্রী। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং তার পূর্বসূরি আপের অতিশীর পর এবার মুখ্যমন্ত্রীর তালিকায় নাম উঠল রেখার। রেখা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতিক এবং আরএসএসের ঘনিষ্ঠ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।
পরে পারভেশ ভার্মাসহ বিজেপির ছয় বিধায়ক শপথ গ্রহণ করেন। পারবেশ ভার্মা নয়াদিল্লি নির্বাচনি এলাকা থেকে আপ বস অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করে ‘জায়ান্ট কিলার’ উপাধি অর্জন করেছিলেন। মুখ্যমন্ত্রী পদের জন্য তালিকার প্রথম সারিতেও ছিলেন তিনি।
২৭ বছর পর দিল্লির ক্ষমতা ফিরে পায় বিজেপি। দিল্লি বিধানসভার এবারকার নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হন রেখা গুপ্তা। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দিল্লির বিধানসভা নির্বাচন।
এর আগে বিধায়ক পদে রেখা গুপ্তা ২০১৫ ও ২০২০ সালে এই শালিমারবাগ আসন থেকে নির্বাচন করেছিলেন। তবে দুবারই পরাজিত হন আম আদমি পার্টির (আপ) প্রার্থী বন্দনা কুমারীর কাছে। প্রথমবার হারেন ১০ হাজার ৯৭৮ ভোটে এবং দ্বিতীয়বার ৩ হাজার ৪৪০ ভোটে।
এবার তৃতীয়বারের মতো বিজেপি ওই আসন থেকে রেখা গুপ্তাকেই প্রার্থী করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীও ছিলেন আপের সেই বন্দনা কুমারী। এবার রেখা জেতেন ২৯ হাজার ৫৯৫ ভোটের ব্যবধানে। প্রথমবার বিধায়ক হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গেলেন রেখা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

