বিশ্বের প্রবীণতম ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপন

বিশ্বের প্রবীণতম ব্যক্তির ১১৬তম জন্মদিন উদযাপন

বিশ্বের প্রবীণতম ব্যক্তি এথেল ক্যাটারহাম ১১৬তম বছরে পা দিয়েছেন। বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে ব্রিটিশ এ নারী তার জন্মদিন উদযাপন করেন। চলতি বছরের এপ্রিলে ব্রাজিলের সন্ন্যাসী ইনাহ কানাবারো লুকাসের ১১৬ বছর বয়সে মৃত্যু হলে ক্যাটারহাম বিশ্বের প্রবীণতম ব্যক্তির খেতাব পান। তিনি একই সঙ্গে ব্রিটেনের সবচেয়ে বেশি বয়সি ব্যক্তি।

ব্রিটেনের সারে এলাকার একটি আবাসিক বৃদ্ধাশ্রমে বসবাস করছেন ক্যাটারহাম। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন কাটাবেন বলে এক বিবৃতিতে বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, ক্যাটারহাম এবং তার পরিবার সবার প্রতি কৃতজ্ঞ, যারা তাকে জন্মদিনে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। এতে উল্লেখ করা হয়, দিনটি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কাটাতে চান, সেজন্যে এদিন তিনি কোনো সাক্ষাৎকার দিতে চান না। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে ধন্যবাদ দিয়ে চিঠিতে বলা হয়, তিনি একমাত্র ব্যতিক্রম হতে পারেন; যার সঙ্গে তিনি দেখা করতে চান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও ক্যাটারহামের জন্য একটি বার্তা দিয়েছে দিনটি উপলক্ষে। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে- ‘আমরা তার রেকর্ড ভাঙা জীবনকে সম্মান জানাই এবং ১১৬ বছরে পদার্পণ উপলক্ষে শুভকামনা জানাই।’

এর আগে, এক সাক্ষাৎকারে ক্যাটারহাম বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছিলেন, তার দীর্ঘজীবনের রহস্য হচ্ছে-তিনি কারো সঙ্গে তর্ক করেন না। বেশিরভাগ ক্ষেত্রে তিনি অন্যের মতকে প্রাধান্য দেন।

সে সময় তিনি বলেছিলেন, ‘আমি কখনো কারো সঙ্গে তর্ক করি না, আমি সবকিছু শুনি এবং শুধু ততটুকুই করি যেটা আমার পছন্দ।’

শতবর্ষী এই নারী ২০১১ সালে ব্রিটেনের একটি জার্নালে সাক্ষাৎকারে বলেন, প্রত্যেকটি সুযোগকে হ্যাঁ বলো, কারণ তুমি জানো না এটি তোমাকে কোথায় নিয়ে যাবে। সবসময় পজিটিভ মানসিকতা পোষণ করার কথাও বলেন তিনি।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড ফরাসি নারী জিন ক্যালমেন্টরের। ১৯৯৭ সালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২২ বছর ১৬৪ দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন