সুদানে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির উদ্বাস্তু শিবিরে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালায়। রোববার এল ফাশেরের স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নর্থ দারফুর রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের মহাপরিচালক ইব্রাহিম খাতির বলেছেন, শুক্রবার জামজামের উদ্বাস্তু শিবিরে আরএসএফের মিলিশিয়ারা নির্মম হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। শনিবার রাজ্যের আবু শৌক উদ্বাস্তু শিবিরে মিলিশিয়াদের আরেক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রুম এক বিবৃতিতে বলেছে, আবু শৌক শিবিরে আরএসএফের যোদ্ধাদের ব্যাপক গোলাবর্ষণের কারণে কমপক্ষে ৪০ বেসামরিক নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন।
তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানায়নি আরএসএফ। ২০২৪ সালের ১০ মে থেকে এল ফাশেরে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মাঝে প্রাণঘাতী লড়াই চলছে। সূত্র: আইএএনএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

