ইসরাইলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৩

ইসরাইলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৩

ইসরাইলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছে। শনিবার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকী ২০ জনের আঘাত সামান্য।

প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলা থেকে বাঁচতে এরইমধ্যে দেশটির কমপক্ষে এককোটি মানুষ বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

বিজ্ঞাপন

গত ১৩ জুন ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হয়। এরপর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরাইলে ২৪ জন নিহত হয়েছেন।

ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের তেলআবিব, হলোনসহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাতভর চালানো হামলার কারণে দেশটির বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে সংবাদ প্রকাশে ইসরাইল সরকার নানা বিধিনিষেধ দেওয়ায় প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর হলোনে একটি ভবনে হামলায় আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্য ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

লেবানন সীমান্তবর্তী এলাকায় ইরানের ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। সেখানে সতর্কতামূলক সাইরেনও বাজান হয়। যাতে শহরের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চেলে যেতে পারে।

ইরানের হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলে একটি চারতলা ভবনের ছাদে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন