ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী রাশিয়া: পুতিন

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্রুত যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের অবস্থানকে সম্মান করে মস্কো। সেইসঙ্গে রাশিয়া শান্তিপূর্ণভাবে সব সমস্যা সমাধানে আগ্রহী বলেও জানান পুতিন। শনিবার এক বিবৃতিতে এসব কথা জানায় ক্রেমলিন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক থেকে ফিরে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রেসিডেন্ট এই সফরকে ‘সময়োপযোগী এবং অত্যন্ত কার্যকর’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, প্রায় সকল বিষয়েই আলোচনা করা হয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের ন্যায্য সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই সংকটের উৎপত্তি এবং কারণগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের কাছে সুযোগ ছিলো, যা আমরা কাজে লাগিয়েছি। সমস্যা সমাধানে এরজন্য দায়ী কারণগুলো দূর করার ওপর জোর দিতে হবে।’

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করার একটি সুযোগ ছিলো এই বৈঠক।

শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘন্টাব্যাপী বৈঠক করেন দুই প্রেসিডেন্ট।

এরআগে, শুক্রবার আলাস্কায় এ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের বলেছেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি জানান, ‘অনেক বিষয়ে আমরা হয়েছি। যদিও এখনো পুরোপুরি চুক্তি হয়নি, তবে চুক্তি হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে জটিল করছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন বৈঠকে কোন চুক্তি না হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন