ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে জটিল করছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিন বৈঠকে কোন চুক্তি না হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। খবর বিবিসির।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে হত্যাকাণ্ড বন্ধ করা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি রাশিয়া যুদ্ধবিরতির জন্য আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং কখন ইউক্রেনে হত্যা বন্ধ করবে তা এখনো জানায়নি।’
তার মতে, রাশিয়ার এই অবস্থান পরিস্থিতিকে জটিল করে তুলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনালাপে জেলেনস্কি বলেছেন, ত্রিপক্ষীয় বৈঠক না হলে অথবা রাশিয়া যদি যুদ্ধ বন্ধের চেষ্টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদার করা উচিত।
তবে পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্পের অবস্থানে বেশ বড়ো পরিবর্তন এসেছে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা। কারণ রাশিয়া খুব বড় শক্তি; ইউক্রেন তা নয়। শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সবাই মনে করেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সর্বোত্তম উপায় হলো সরাসরি শান্তিচুক্তিতে যাওয়া। এটা যুদ্ধ বন্ধ করবে। তবে এ চুক্তি নিছকই একটি যুদ্ধবিরতি চুক্তি নয়, যা প্রায়ই টেকে না।’
তবে জেলেনস্কি সত্যিকারের টেকসই এবং নির্ভরযোগ্য শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



