ইসরাইলের সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় হরমুজ প্রণালি বন্ধ করার কথা বিবেচনা করছে ইরান।
দেশটির সংসদ সমস্য ইসমাইল কোসারির বরাত দিয়ে একথা জানায় ইরানি সংবাদ সংস্থা আইআরআইএনএন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ বিশ্লেষক সিনা তুসি জানান, ইসরাইল যদি ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোতে আরো বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। হামলার জবাবে এটা হবে তাদের চূড়ান্ত প্রতিক্রিয়া।
সিনা তুসির মতে, পরিস্থিতি এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি। তবে ইসরাইল ইরানের দক্ষিণাঞ্চলে একটি গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও হাইফায় ইসরাইলের কিছু জ্বালানি স্থাপনায় আঘাত করেছে।
তিনি বলছেন, পাল্টাপাল্টি হামলার এই ধারা চলতে থাকলে পুরো পারস্য উপসাগর অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ হুমকির মুখে পড়তে পারে।
হরমুজ প্রণালী হচ্ছে ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ পানিপথ, যার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর অধিকাংশ তেল রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা (ইআইএ)-এর তথ্যানুযায়ী, বিশ্বের মোট তেল চাহিদার প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

