ক্ষেপণাস্ত্র চুক্তি মেনে চলতে বাধ্য নয় রাশিয়া: মেদভেদেভ

ক্ষেপণাস্ত্র চুক্তি মেনে চলতে বাধ্য নয় রাশিয়া: মেদভেদেভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা আর মানবে না রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটোর ‘রাশিয়া বিরোধী নীতির’ জবাবে মস্কো আরো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। খবর আল জাজিরার।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর রাশিয়া বিরোধী নীতিরই ফল।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এটি এক নতুন বাস্তবতা, যা আমাদের প্রতিপক্ষদের মাথায় রাখা উচিত। অপেক্ষা করুন, আরো পদক্ষেপ আসছে।’ তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা তিনি স্পষ্ট করে বলেননি।

এরআগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মেদভেদেভের যুদ্ধবিষয়ক মন্তব্যের পর তিনি এ পদক্ষেপ নেন বলে জানিয়েছেন ট্রাম্প।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান পরিস্থিতির কারণেই স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়েছে মস্কো।

এতে আরো বলা হয়, ‘যেহেতু ইউরোপ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন-নির্মিত স্থল-ভিত্তিক মাঝারি এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা তৈরি রয়েছে, তাইেএ ধরনের অস্ত্র মোতায়েনের ওপর একতরফা স্থগিতাদেশ বজায় রাখার শর্তও আর থাকছে না।’

গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে হতে পারে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন