মুম্বাইয়ে বিকল দু’টি মনোরেল, উদ্ধার ৮০০ যাত্রী

মুম্বাইয়ে বিকল দু’টি মনোরেল, উদ্ধার ৮০০ যাত্রী

টানা বর্ষণে বিপর্যস্ত ভারতের মুম্বাইয়ের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় অন্তত দু’টি মনোরেল মাঝপথে বিকল হয়ে যায়। দুই ট্রেনে আটকা পড়েন অন্তত ৮০০ যাত্রী। তাদেরকে উদ্ধার করতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।

সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মাঝে আটকে পড়ে মনোরেল । ওই ট্রেনে যাত্রী ছিলেন ৫৮২ জন। তাদের সবাইকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সাড়ে ৭টা নাগাদ আচার্য আত্রে এবং ওয়াডালা স্টেশনের মাঝে আটকে যায় আরো একটি মনোরেল। সেই ট্রেনের ২০০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

মেট্রোপলিটন রিজিওন ডেভলপমেন্ট অথারিট (এমএমআরডিএ) জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ চেম্বুর এবং ভক্তি পার্ক স্টেশনের মধ্যবর্তী এলাকায় যে মনোরেলটি আটকে পড়েছিল, তাতে অতিরিক্ত যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে মনোরেল এক দিকে কিছুটা হেলে পড়ে। তার ওপর বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিস্থিতি আরো জটিল হয়।

মাঝপথে মনোরেল বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। উদ্ধারকারী দলের এক সদস্য জানান, অন্তত ছয়জন যাত্রী ট্রেন থেকে নীচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের শান্ত করে নামিয়ে আনা হয়।

যাত্রীরা বলেন, ট্রেন থেমে যাওয়ার পর কামরার ভেতরে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়। অনেকেরই শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। অনেকেই ট্রেনের মধ্যে অসুস্থও হয়ে পড়েন।

মঙ্গলবার বিপর্যয়ের পর বুধবার সকাল থেকে আবার মনোরেল পরিষেবা শুরু হয়েছে। তবে অনেক যাত্রীই আতঙ্কে মনোরেল ছেড়ে বিকল্প পথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করছেন।

আজও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কম। পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টা খুবই উদ্বেগের।

তবে স্কুল, কলেজ বন্ধের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মুম্বাই বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে বুধবারের কিছু পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই পরীক্ষা কবে হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন