পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।
সোমবার রাতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার ফরেনার্স, পাসপোর্ট আইনসহ একাধিক ধারার মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট-সংলগ্ন এলাকা থেকে সোহেলকে আটক করে। রানীতলা থানার ওসি অর্জিত ঘোষের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে জানিয়েছেন, তার বাড়ি পাবনা সদরের কাছারিপাড়া গ্রামে।
সোহেল সর্বশেষ প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এলাকায় তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দিতেন। তবে স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলছে, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সোহেলের কোনো পদ ছিল না। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

