মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন

বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন

বাংলাদেশে সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন

বাংলাদেশসহ কয়েকটি দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। নিজেদের আধিপত্য বিস্তারে এমন উদ্যোগ নিচ্ছে চীন।

মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির (ডিআইএ) প্রকাশিত ‘বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন’ প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদসহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, বিশ্বের আরও বেশ কয়েকটি স্থানের সঙ্গে বাংলাদেশেও চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অবকাঠামো নির্মাণ করতে চায়।

২০২৫ সালের ১১ মে পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সিসিলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দেওয়ার প্রচেষ্টা চীন অব্যাহত রেখেছে। এরই হিসাবে চীন কৌশলগত উদ্দেশ্য যেমন-পূর্ব এশিয়ার প্রধান শক্তি হওয়া, বৈশ্বিক নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা, চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার বিষয়গুলো অব্যাহত রেখেছে।

এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের মোকাবিলা করার জন্য বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং এর মিত্র ও অংশীদারদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগও খুঁজবেন। এছাড়া চীন সম্ভবত ফিলিপাইন, তাইওয়ানসহ যেসব দেশ তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের ওপর চাপ বাড়াতে পারে। সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে তারা বৈশ্বিক নেতা হিসাবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করবে।

ভারতকে অস্তিত্বের হুমকি হিসাবে দেখে পাকিস্তান: এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে পাকিস্তান।

এতে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বলা হয়েছে, ‘পাকিস্তান ভারতকে নিজেদের অস্তিত্বের হুমকি হিসাবে দেখে। ভারতের প্রচলিত সামরিক শক্তিকে হ্রাস করতে তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা অব্যাহত রাখবে। যার মধ্যে যুদ্ধক্ষেত্রের পারমাণবিক অস্ত্রও রয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন