ইরানকে অস্ত্র দেওয়ার বিষয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানকে অস্ত্র দেওয়ার বিষয়ে চীন-রাশিয়াকে  ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া উভয় দেশই ইরানকে অস্ত্র না দেওয়ার বিষয়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারা যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তা ‘খুবই খারাপ’ হবে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, বেইজিং কোনো অবস্থাতেই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না। এই প্রতিশ্রুতির আওতায় চীনা কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প লেখেন, ‘সম্প্রতি চীনের বেইজিংয়ে বৈঠকে প্রেসিডেন্ট জিনপিং আমাকে বলেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানকে অস্ত্র দেবে না বা বিক্রি করবে না। এতে চীনা কোম্পানিগুলোর বিষয়টিও অন্তর্ভুক্ত। আমাদের পারস্পরিক সম্পর্কের কারণে আমি তার কথাকে বিশ্বাস করি। তাছাড়া, আমি তার জন্যও অনেক বড় বড় সুবিধা করে দিচ্ছি।’

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেন যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, পুতিনও প্রতিশ্রুতি দিয়েছেন যে রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তিনি (পুতিন) জানেন, আমি সরাসরি ইউক্রেনকে অস্ত্র বিক্রি করি না; আমি ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করি। তারা পূর্ণ মূল্য পরিশোধ করে। এরপর সেই অস্ত্র কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

তিনি আরো বলেন, ‘ইরানের ক্ষেত্রে যেসব বড় দেশের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়, তাদের মধ্যে এ দুই দেশ আমার মতে কোনোভাবেই সম্পৃক্ত নয়। যদি তারা তা করত, তাহলে তাদের জন্য পরিস্থিতি খুবই খারাপ হতো। এটি অবশ্যই তাদের স্বার্থের অনুকূলে নয়।’

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে তিনি বিশ্বাস করেন।

এ সময় সাংবাদিকেরা তাকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের সঙ্গে তার অবস্থানের পার্থক্য নিয়ে প্রশ্ন করেন। হেগসেথ এর আগে বলেছিলেন, রাশিয়া ও চীন ইরানকে ‘সহায়তা’ করছে।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে তারা সত্যিই ‘সহায়তা’ করছে কি না। প্রেসিডেন্ট শি বলেছেন, তিনি এতে অংশ নেবেন না। প্রেসিডেন্ট পুতিনও একই কথা বলেছেন। আমি তাদের বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, দুই নেতারই এ প্রতিশ্রুতি রক্ষা করার যথেষ্ট কারণ রয়েছে।

ট্রাম্পের ভাষায়, ‘আমার মনে হয় না, তারা চাইবেন আমি তাদের ওপর হতাশ হই।’

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন