২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবে, ৭৫ দেশের সঙ্গে সমন্বয় বৈঠক

২০২৭ সালের হজের প্রস্তুতি শুরু সৌদি আরবে, ৭৫ দেশের সঙ্গে সমন্বয় বৈঠক

২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক দফতরের সঙ্গে ধারাবাহিক সমন্বয় বৈঠক করছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। হজযাত্রীদের জন্য সময়মতো প্রস্তুতি সম্পন্ন করা এবং সেবার মান আরও উন্নত করাই এসব বৈঠকের প্রধান লক্ষ্য।

বিজ্ঞাপন

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকগুলোতে ২০২৭ সালের হজ আয়োজনের বিভিন্ন প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর হজবিষয়ক দফতর থেকে জমা দেওয়া পরিচালন পরিকল্পনাও পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠকে হজ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিধিবিধান ও নির্দেশনা নিয়েও আলোচনা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর উত্থাপিত বিভিন্ন প্রশ্ন, চাহিদা ও প্রস্তাব পর্যালোচনা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষের মতে, আগাম প্রস্তুতির ফলে দেশটির সংশ্লিষ্ট সংস্থা ও বিভিন্ন দেশের হজ মিশনের মধ্যে সমন্বয় আরও কার্যকর হবে। এতে হজ ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজযাত্রীদের জন্য বিভিন্ন সেবার মানও উন্নত করা সম্ভব হবে।

হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে হজের আনুষ্ঠানিকতা শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় জনবল, সম্পদ ও সক্ষমতা কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ কাজে দেশটির বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

২০২৭ সালের হজের এই আগাম প্রস্তুতি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর লক্ষ্যগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এসব উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সেবা আরও সহজ, নিরাপদ ও উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পরবর্তী হজ মৌসুমের প্রস্তুতি আগেভাগে শুরু করার ওপর গুরুত্ব বাড়িয়েছে সৌদি আরব। বিপুলসংখ্যক হজযাত্রীর আবাসন, পরিবহন, যাতায়াত ও অন্যান্য সেবা সুষ্ঠুভাবে পরিচালনায় সৌদি কর্তৃপক্ষ এবং বিভিন্ন দেশের হজবিষয়ক দফতরের মধ্যে কার্যকর সমন্বয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের ভাষ্য, এবারের আগাম প্রস্তুতির মূল লক্ষ্য হলো হজযাত্রীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং পবিত্র সফরে তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়, তা নিশ্চিত করা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন