মহারাষ্ট্রে সেতু ভেঙে প্রাণ গেলো ৪ জনের

মহারাষ্ট্রে সেতু ভেঙে প্রাণ গেলো ৪ জনের

মহারাষ্ট্রের পুণে জেলার ইন্দ্রায়ণী নদীর ওপর একটি পুরোনো ও জরাজীর্ণ সেতু হঠাৎ ভেঙে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় নদীতে পড়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে, যাদের সন্ধানে চলছে তল্লাশি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় সেতুর ওপর ছিলেন বহু পর্যটক। সেতুর নিচে তখন নদী ছিল ভয়াবহ স্রোতপূর্ণ। প্রবল বৃষ্টির কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬ জনকে, আর আহত হয়েছেন প্রায় ৩২ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ চলছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বহু পর্যটক বৃষ্টির মধ্যে নদীর রূপ দেখতে গিয়ে সেতুর ওপর ভিড় করেছিলেন। অথচ সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং যান চলাচলের জন্য নিষিদ্ধ ছিল বলে জানা গেছে।

এই ঘটনার পর আবারো প্রশ্ন উঠেছে ভারতে সেতু ও অবকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। ২০২২ সালের গুজরাটের মোরবি সেতু দুর্ঘটনায় ১৩২ জনের প্রাণহানির পরও কার্যকর কোনো পরিবর্তন না আসায় উদ্বেগ বাড়ছে নাগরিকদের মধ্যে।

দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অবহেলা ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবকে দোষারোপ করে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ডয়েচে ভেলে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন