পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি পালন করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার (১২ অক্টোবর) দুপুরে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী দলের নেতাকর্মীরা। পথে পুলিশের বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মিছিল সুপ্রিম কোর্টে পৌঁছায়।

বিজ্ঞাপন

দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে একটি বাসে চড়ে কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। তাদের সঙ্গে ছিলেন নেহা বোরাও। বাসটির পেছনে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে এগিয়ে যান।

পরে বারাখাম্বা এলাকার কাছে বাস থেকে নেমে নেতারা কর্মীদের সঙ্গে হেঁটে সুপ্রিম কোর্টের দিকে রওনা হন। তবে ভগবান দাস মার্গে পৌঁছালে তাদের পথ আটকে দেয় পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের বাধা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল সুপ্রিম কোর্টে পৌঁছায়।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে কংগ্রেসের আইনজীবীদের একটি দল। এদিকে আদালতের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হওয়া রাহুল গান্ধী ও অন্য নেতারা তখনও পথে ছিলেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করতেই বিরোধী জোট এই কর্মসূচির আয়োজন করে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন