ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আলোচনায় অংশ নিয়েছেন রাশিয়ার প্রতিনিধিরা। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রভ।
বৈঠকের আগে সামাজিকমাধ্যমে কিরিল দিমিত্রিভ এক পোস্টে লিখেছেন, আলোচনার জন্য মিয়ামিতে এসেছেন তিনি। তবে বৈঠকে আমেরিকার কোন কোন প্রতিনিধি অংশ নিয়েছেন, তা উল্লেখ করেননি তিনি।
এর আগে দিমিত্রিয়েভ গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়া গত ডিসেম্বরেও তিনি মায়ামি সফর করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন।
প্রায় চার বছরের যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে গত সপ্তাহের শুক্র ও শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেছিল ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে ইঙ্গিত দেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংকটের কারণে আবুধাবির আলোচনা পিছিয়ে যেতে পারে। সেই অনিশ্চয়তার মধ্যেই রোববার থেকে সেখানে দ্বিতীয় দফার আলোচনা শুরুর কথা ছিল।
প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের আবুধাবিতে বৈঠকের ঠিক একদিন আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।
ওয়াশিংটন বলছে, উভয় পক্ষই একটি চুক্তির কাছাকাছি আছে। কিন্তু যুদ্ধ-পরবর্তী মীমাংসার ক্ষেত্রে ভূখণ্ডের মূল বিষয়টিতে তারা এখনো পর্যন্ত কোনো আপস খুঁজে পায়নি বলে জানিয়েছে কিয়েভ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউরোপ রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ: মেদভেদেভ
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর