রাশিয়ার মস্কোতে শত শত ড্রোন হামলা, নিহত ২

রাশিয়ার মস্কোতে শত শত ড্রোন হামলা, নিহত ২
আল জাজিরা

রাশিয়ার সংসদীয় নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় শত শত ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার । দেশটির পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এ হামলা চালানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রোববার জানান, এক হাজার ৬০০টির বেশি ড্রোন প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫০টি মস্কোর দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, তিন দিনব্যাপী এই নির্বাচন ব্যাহত করতেই ইউক্রেন এ হামলা চালিয়েছে।

সোবিয়ানিন টেলিগ্রামে বলেন, ‘এই নজিরবিহীন হামলা যে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ছিল, তা স্পষ্ট। তবে শত্রুপক্ষ সফল হয়নি।’

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুটি পৃথক স্থানে ৪৪ বছর বয়সী এক নারী ও এক বয়স্ক পুরুষ নিহত হয়েছেন।

ভোরোবিয়ভের ভাষ্য অনুযায়ী, একটি ২১ তলা ভবনে ড্রোন বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।

ইউক্রেন সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের লক্ষ্য হলো রাশিয়ার যুদ্ধ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ রাজস্বের অন্যতম উৎস জ্বালানি খাতকে ক্ষতিগ্রস্ত করা।

সোবিয়ানিন আরও জানান, মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান। জরুরি সেবা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়ার এই বড় তেল শোধনাগারটি সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়া বিভিন্ন ধরনের ১৩৮টি ড্রোন নিয়ে ইউক্রেনজুড়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ড আরো জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০১টি ড্রোন ভূপাতিত অথবা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...