কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডানপন্থি আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, সরকারি ব্যয় সর্বোচ্চ ৪০ শতাংশ কমানো এবং দেশের তেল ও গ্যাস শিল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হন তিনি।
৪৮ বছর বয়সি দে লা এসপ্রিয়েলা শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে প্রথা ভেঙে শপথগ্রহণের অনুষ্ঠান রাজধানী বোগোতায় না করে আয়োজন করা হয় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ক্যালিতে। দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র এই শহর।
শপথগ্রহণের স্থান হিসেবে ক্যালিকে বেছে নেওয়ার মধ্য দিয়ে বিদায়ী বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কৌশল থেকে স্পষ্টতই সরে আসার বার্তা দিয়েছেন দে লা এসপ্রিয়েলা। দে লা এসপ্রিয়েলা শুরু থেকেই পেত্রোর নীতিকে ব্যর্থ বলে সমালোচনা করে আসছেন।
শুক্রবার শপথ নেওয়ার পর দে লা এসপ্রিয়েলা বলেন, ‘দেশের স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এমন কোনো কৌশল বা তৎপরতার সুযোগ দেওয়া হবে না।’ মাদক-সন্ত্রাসবাদ নির্মূল করার অঙ্গীকার করেন তিনি।
এসপ্রিয়েলা আরো বলেন, ‘সংলাপের পথ পুরোপুরি শেষ হয়ে গেছে।’
কলম্বিয়ার ব্যবসায়ীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে দে লা এসপ্রিয়েলা বলেন, ‘তার সরকার কলম্বিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের অংশীদার হবে।’
তিনি জানান, তার সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ইকোপেত্রোলের সক্ষমতা আরও শক্তিশালী করতে কাজ করবে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


