৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় বুধবার একটি মাঝারি ধরনের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।

বিজ্ঞাপন

সংস্থার তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালি থেকে প্রায় ৭ মাইল উত্তরে এই ভূমিকম্প আঘাত হানে। উত্তরের ইউরেকা থেকে শুরু করে দক্ষিণ-পূর্বের স্যাক্রামেন্টো পর্যন্ত দূরবর্তী এলাকার মানুষও এর কম্পন অনুভব করেছেন বলে ইউএসজিএসকে জানিয়েছেন। উপকেন্দ্রের সবচেয়ে কাছে থাকা কিছু মানুষ এই কম্পনকে অত্যন্ত শক্তিশালী বলে বর্ণনা করেছেন।

ইউটিলিটি ট্র্যাকিং ওয়েবসাইট ‘পাওয়ারআউটেজ ডট কম’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর মেন্ডোসিনো কাউন্টির প্রায় ৭ হাজার ৪০০ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

উত্তর ক্যালিফোর্নিয়া এবং ওরেগন রাজ্যের মানুষের ফোনে ‘শেকঅ্যালার্ট’ থেকে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এটি ইউএসজিএসের একটি ব্যবস্থা, যা ভূমিকম্প শুরু হওয়া মাত্রই তা শনাক্ত করে এবং জনপ্রিয় ‘মাইশেক’ অ্যাপে তথ্য পাঠায়।

ইউসি বার্কলে সিসমোলজি ল্যাবের মাইশেক অ্যাপের ব্যবস্থাপক সুরেশ রমন বলেন, ‘এ ঘটনার জন্য মাইশেক অ্যাপটি পুরোপুরি কাজ করেছে এবং এটি খুব অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষকে সতর্ক করেছে।’

সুরেশ রমন জানান, আনুমানিক ৬ লাখ ৫০ হাজার মানুষ এই সতর্কবার্তা পেয়েছে।

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, যারা সতর্কতাবার্তা পেয়েছে, তাদের মধ্যে ৯৯ শতাংশ মানুষই কম্পন অনুভব করার আগেই (যদি তারা আদৌ কম্পন অনুভব করে থাকে) বার্তাটি পেয়েছিল।

রমন জানান, সানফ্রান্সিসকোর বাসিন্দারা আনুমানিক ৩৫ সেকেন্ড আগে এই সতর্কবার্তা পেয়েছিল।

আফটারশক বা অনুকম্পন শনাক্ত

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট একই এলাকায় পরবর্তী আরো কিছু কম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে। মূল ভূমিকম্পের সময় ভূগর্ভস্থ চ্যুতির (ফল্ট) যে অংশটি স্থানচ্যুত হয়, সেখানে ছোটখাটো সামঞ্জস্য তৈরির কারণে সাধারণত এ ধরনের অনুকম্পন হয়ে থাকে।

প্রথম ভূমিকম্পের পর দিন, সপ্তাহ এমনকি বছর পরেও আফটারশক বা অনুকম্পন হতে পারে। এই অনুকম্পনগুলো মূল ভূমিকম্পের সমান বা তার চেয়ে বড় মাত্রারও হতে পারে। এগুলো ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানগুলোকে আরো প্রভাবিত করতে পারে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন