নির্ধারিত সময় শেষ

আফগান শরণার্থীদের বহিষ্কার জোরদার করেছে পাকিস্তান

আফগান শরণার্থীদের বহিষ্কার জোরদার করেছে পাকিস্তান

পাকিস্তান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। এরআগে আফগানিস্তানে ফেরত যাওয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল পাকিস্তান। নির্ধারিত সময় পার হওয়ার পর থেকেই বিতাড়ানের হার তীব্র হয়েছে। খবর টোলো নিউজের

খাইবার পাখতুনখোয়ায় আফগান অভিবাসীদের প্রতিনিধি মীর মিয়াখিল বলেন, ‘সবাই খুবই উদ্বিগ্ন। কারণ আমরা প্রায় চল্লিশ বছর ধরে এখানে ব্যবসা করছি। এতো অল্প সময়ের মধ্যে সবকিছু ফেলে চলে যাওয়া অসম্ভব।’

বিজ্ঞাপন

পাকিস্তানে বসবাসকারী আরেক আফগান অভিবাসী আতিকুল্লাহ মনসুর বলেন, ‘ফেরত পাঠানো বন্ধ হয়নি বরং প্রক্রিয়াটি আরো বেড়েছে। আমরা আফগান অভিবাসী এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছি, যাতে ধীরে ধীরে এবং নিরাপদে ফেরত পাঠানো হয়।’

আফগান অভিবাসীরা বলছেন, ভিসার মেয়াদ বাড়াচ্ছে না পাকিস্তান, এরফলে তারা সমস্যায় পড়েছে।

আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জোরপূর্বক বহিষ্কার করা বন্ধ করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানান তারা।

পাকিস্তানে বসবাসকারী একজন আফগান অভিবাসী মোহাম্মদ রেজা সাজেশ বলেন, ‘আফগান শরণার্থীরা অসংখ্য সমস্যার মুখোমুখি হচ্ছে। ভিসা নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভিসা মেয়াদ বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।’

অভিবাসী অধিকার কর্মী জামাল মুসলিম বলেন, ‘পাকিস্তানকে তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। বৈধ কাগজপত্রধারী হাজার হাজার আফগান শরণার্থীকেও ঝামেলায় পড়তে হচ্ছে।’

এদিকে, পাকিস্তানকে আফগান শরণার্থীদের ফেরত পাঠানো স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি মঙ্গলবার এক বার্তায় বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তান সরকারকে অনুরোধ করছি, অবিলম্বে অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার বাস্তবায়ন স্থগিত করুন।’ তিনি সতর্ক করেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে একটি বিপর্যস্ত অঞ্চলে ফিরে যাচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন