সমরাস্ত্র কেনাকাটায় ইউক্রেনের কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারি

সমরাস্ত্র কেনাকাটায় ইউক্রেনের কর্মকর্তাদের ঘুষ কেলেঙ্কারি

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের এক পার্লামেন্ট সদস্য ও কয়েকজন সরকারি কর্মকর্তা। ড্রোন ও বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম কেনার সময় বড় ধরনের ঘুষ কেলেঙ্কারি তথ্য উদঘাটন করে ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থা। এতে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একজন সংসদ সদস্য, জেলা ও নগর প্রশাসনের প্রধান এবং বেশ কয়েকজন ন্যাশনাল গার্ড সার্ভিস সদস্যের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা সরবরাহকারীদের সাথে ৩০ শতাংশ বেশি দামে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে রাষ্ট্রীয় চুক্তি স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

জেলেনস্কি আরো লেখেন, ইউক্রেনে দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর কাজের জন্য তাদের ধন্যবাদ জানান।

এরআগে, জাতীয় দুর্নীতি দমন ব্যুরো এবং বিশেষায়িত দুর্নীতি দমন প্রসিকিউটরের অফিসের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা কেড়ে নেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে জেলেনস্কির সরকার।

দেশজুড়ে বিক্ষোভের পর গত বৃহস্পতিবার ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া হয়।

অনেকেই এই পদক্ষেপকে ইউক্রেনের দুর্নীতির পিছনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। যার ফলে ২০২২ সালে রাশিয়া দেশটিতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে এটিই ছিল সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

প্রেসিডেন্ট দাবি করেন, সংস্থাগুলোকে রাশিয়ার প্রভাব থেকে মুক্ত করা প্রয়োজন। সেইসঙ্গে উচ্চ-স্তরের দুর্নীতির মামলায় কাদের বিচার করা উচিত তা নির্ধারণ করার জন্য জেনারেল প্রসিকিউটরকে কর্তৃত্ব দেওয়ার চেষ্টা করেন তিনি।

পরবর্তীতে জেলেনস্কি বিক্ষোভের মুখে সংস্থাগুলোর আগের স্বাধীনতা ফিরিয়ে দিতে একটি নতুন বিল পেশ করেন। নতুন বিল পার্লামেন্টে পাস হয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখার (এইচইউআর) প্রধান কিরিলো বুদানভ ‘জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ায় এবং দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর ক্ষমতা নিয়ে ভুল সিদ্ধান্ত না নেওয়ায় জেলেনস্কিকে ধন্যবাদ জানান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন